গর্হিত কাজে জড়িত অনলাইন পোর্টাল বন্ধের কাজ চলবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
‘অনলাইন পোর্টাল বন্ধ চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল অনুমোদনও চলমান প্রক্রিয়া। অনলাইন পোর্টাল যেগুলো আসলে গর্হিত কাজ করে, কিংবা সৎ উদ্দেশে পরিচালিত নয়, গুজব রটায় কিংবা ভুল সংবাদ প্রচার করে সেগুলো বন্ধের কার্যক্রম চলমান থাকবে।’
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রধানমন্ত্রীর জীবনভিত্তিক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
কবি ও সাংবাদিক সৌমিত্র দেব সম্পাদিত ‘উন্নয়নে উজ্জীবনে শেখ হাসিনা’ বইয়ের মোড়ক উন্মোচন উন্মোচনের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ‘আমরা চেষ্টা করছি খুব শিগগির, আজকের মধ্যেই বা কাল সকালে বিটিআরসিকে অননুমোদিত অনলাইন পোর্টালের তালিকা পাঠাবো। আমাদের কাছ থেকে তালিকা পেলে তারা সেগুলো বন্ধ করে দেবে। তবে আদালতকেও আমরা জানাবো, বিটিআরসিও জানাবে যে অনলাইন পোর্টাল বন্ধ একটি চলমান প্রক্রিয়া। সবকিছু হুট করে বন্ধ করলে, আমার বিবেচনায় সবগুলো একসঙ্গে বন্ধ করে দেওয়া যুক্তিযুক্ত হবে না।’
কিছু সময়ের জন্য কয়েকটি অনলাইন বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, ‘এটা আসলে ভুল বোঝাবুঝি হয়েছিলো। বিটিআরসি অনেকগুলো অনলাইন পোর্টাল বন্ধ করে দিয়েছিল। সেখানে দেখা গেছে, নিবন্ধিত এমনকি সরকারি ওয়েবপোর্টালও বন্ধ হয়ে গিয়েছিলে। খুব দ্রুত সেটার সমাধান হয়েছে।’